রাতভোর দাঁড়িয়ে আছে এই মহাপৃথিবীর বুকে; নীল আকাশের নীচে যেমন জুঝছে অগুন্তি প্রাণ৷ একদিন যখন প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়, অন্তরের ইচ্ছেগুলো সব বেমালুম খারিজ হয়ে যায়৷ আশাগুলো মিলিয়ে যায় আকাশে থাকা অন্তরীনে৷ আকাশ কুসুম স্বপ্ন নিয়ে একের পর এক ইন্টারভিউ- তারপর তারাও সামিল হচ্ছে বেকারদলের কোরাসে গলা মেলাতে৷ সমাজের চালচিত্রটা স্পষ্ট হচ্ছে ক্রমাগত৷ আকালের সন্ধানী তো সবাই৷ আজও জীবনের লড়াই থামেনি ঘিনুয়া-ডুঙ্গরিদের; হাত ধরার জন্য ভুবন সোম-এর মতো কোনো প্রতিনিধি আজ আর নেই৷ ইচ্ছেপূরণের এই সংগ্রাম চিরন্তন, অবশেষ নেই কিছু তার৷ কলকাতা ৭১ হোক বা পূর্ববঙ্গের ফরিদপুর, এ পথ চলা দীর্ঘ থেকে দীর্ঘতর৷ -----------------শ্রাবন্তী গোস্বামী [বিখ্যাত চিত্র পরিচালক শ্রী মৃণাল সেনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে আমার এই স্বল্প প্রচেষ্টা।]
হয়তো আমি ফিরবো না আর এই দেশে আগামী আমায় বলবে 'বিদায়' হয়তো কোনো অসম্ভবের স্রোতে ভেসে তলিয়ে যাবো এক লহমায় হয়তো কোনো অসুখ নিয়ে যাবে তার সঙ্গী করে সে আমায় ছিনিয়ে নেবে সবার থেকে অনেক দূরে৷ হয়তো মন পুড়বে না আর বাতাস মনে লাগবেনা তার হয়তো সেসব ভুলে যাব মেঘ পিয়নে ডাক পাঠাবো সুখের মাঝে ক্লান্ত হয়ে অলক্ষ্যে এই গান শোনাবো৷ হয়তো আবার দেখা হবে,সুপ্ত হৃদয় ডাক পাঠাবে টানের স্রোতে ফিরতে হবে এই প্রদেশে হয়তো আবার ভাসার খেলা সবার সঙ্গে কাজের মেলা হয়তো আমি অবোধ হবো তোমার চাওয়ায় এক নিমেষে৷ --------- শ্রাবন্তী গোস্বাম চিত্রশিল্পী : শ্রীযুক্ত দ্বিজেন গুপ্ত